প্রিন্ট এর তারিখঃ Aug 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2026 ইং
মিরসরাইয়ে চালু হলো চীনা ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘সহজ চাইনিজ শিখুন, নিশ্চিত ক্যারিয়ার গড়ে তুলুন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে চালু হয়েছে চীনা ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মিরসরাই পৌরসদরের মোজাম্মেল টাওয়ারের তৃতীয় তলায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে কোর্সটির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ক্লাসে কোর্সটির প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষক জামান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ৯০টির বেশি কারখানায় উৎপাদন শুরু হয়েছে। এর মধ্যে ৬০টিরও বেশি কারখানা চীনা মালিকানাধীন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য শত শত চীনা নাগরিক বর্তমানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছেন।
তিনি বলেন, চীনা নাগরিকদের সঙ্গে কথোপকথন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্থানীয়ভাবে চীনা ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। অথচ মিরসরাইয়ের অনেক শিক্ষিত ও বেকার তরুণের চীনা ভাষা জানা নেই। চীনা ভাষা শিখলে স্থানীয় তরুণদের জন্য মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দোভাষীসহ বিভিন্ন পদে ভালো বেতনে কাজের সুযোগ তৈরি হতে পারে।
জামান আরও বলেন, একজন সাধারণ কর্মচারীর বেতন যেখানে প্রায় ১০ হাজার টাকা হতে পারে, সেখানে একজন দক্ষ দোভাষীর বেতন প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কোর্সটি সম্পন্ন করার পর শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চীনে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা থাকবে।
তিনি বলেন, ‘চাইনিজ হাতেখড়ি’তে যারা ভর্তি হবেন, তারা শুধু একটি নতুন ভাষা শেখার জন্য নয়, বরং নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য একটি পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।
প্রধান প্রশিক্ষক জামানের উপস্থাপনা ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চীনা ভাষার প্রশিক্ষক ও দোভাষী আরাফাত হোসেন, চীনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির বাংলাদেশি শিক্ষার্থী আকিব হোসাইন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন, সাংবাদিক আশরাফ উদ্দিন এবং মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট